হাওজা নিউজ এজেন্সি: রোববার প্রকাশিত এক বক্তব্যে জেনারেল মোহেবি বলেন, “মার্কিন প্রেসিডেন্ট বলছেন, তিনি অর্থনৈতিক যুদ্ধের নির্দেশ দিয়েছেন এবং ইরানের বিরুদ্ধে সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছেন। এটি আসলে সামরিক ক্ষেত্রে শত্রুর লজ্জাজনক পরাজয়ের একটি নীরব স্বীকারোক্তি।”
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, “আপনারা যদি সামরিক ক্ষেত্রে জয়ী হতেন, তাহলে অর্থনৈতিক যুদ্ধ শুরু করার প্রয়োজন হতো না। অর্থনৈতিক যুদ্ধ কি নতুন কোনো বিষয়? না। আপনারা গত ৪৭ বছর ধরেই ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ চালিয়ে আসছেন এবং আমাদের অর্থনীতির সব খাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন।”
তিনি বলেন, “শত্রুর বর্তমান পদক্ষেপের ফলে আমাদের করণীয় হলো ইরানি জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের ঈমান ও বিশ্বাসকে আরও শক্তিশালী করা।”
মোহসেন মোহেবি আরও বলেন, “আমরা বারবার ঘোষণা করেছি, শত্রুর প্রতিটি আগ্রাসী পদক্ষেপের মোকাবিলায় আমাদের নিজস্ব পরিকল্পনা রয়েছে। শত্রুর এমনই একটি পদক্ষেপ হলো অর্থনৈতিক যুদ্ধ। এই যুদ্ধের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং বিভিন্ন দেশের সঙ্গে সহজেই অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের জন্যও আমাদের পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের কোনো উদ্বেগ নেই।”
তিনি আরও জানান, “আমরা যুক্তরাষ্ট্রের আশপাশের দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ ও লেনদেন বজায় রাখছি। আমরা যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছি এবং অদূর ভবিষ্যতেই এর ফলাফল আপনারা দেখতে পাবেন।”
আপনার কমেন্ট